সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বারহাল ডিগ্রি কলেজ-এর ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের কেবল মেধাবী হলে চলবে না, বরং নীতি-নৈতিকতা ও আদর্শের সাথে নিজেদের গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য জনাব মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি।
বুধবার (৮ অক্টোবর, ২০২৬) কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিতে হলে শিক্ষার্থীদের সুশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধে বলীয়ান হতে হবে।
কলেজ অধ্যক্ষ জনাব মোঃ শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মোঃ ফয়জুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি আলহাজ্ব মাওঃ মুখলিছুর রাহমান, বারহাল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব সোহেল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply