সিলেট সীমান্তে চোরাচালান বিরোধী কঠোর অবস্থান অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীনস্থ সুরাইঘাট বিওপির টহল দল কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ছারীগাছা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০৭ বোতল ভারতীয় মদ ও একটি পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাটের ছারীগাছা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০৭ বোতল ভারতীয় মদ এবং চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
এছাড়াও একই সময়ে বিজিবির ১৯ ব্যাটালিয়নের আওতাধীন অন্য আরেকটি অভিযানে অন্যান্য চোরাই পণ্য জব্দ করা হয়। অভিযানে জব্দকৃত মদ, পিকআপ ও অন্যান্য মালামালের সর্বমোট সিজারমূল্য প্রায় ২১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য চোরাই পণ্য কাস্টমসে জমা দেওয়ার আইনি প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে ১৯ বিজিবির এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply