দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জকিগঞ্জবাসীর যাতায়াতের লাইফলাইন খ্যাত শেওলা সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজ। সড়কটির বেহাল দশা নিরসনে এই উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা কেটে স্বস্তি ফিরে এসেছে।
আজ এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজের শুভ উদ্বোধন করবেন সিলেট-৫ এর জননন্দিত সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি তার নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতির মধ্যে অন্যতম দুটি অঙ্গীকার ছিল কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন সড়ক ও জকিগঞ্জের শেওলা সড়ক সংস্কার করা।গত সপ্তাহে বুরহান উদ্দিন সড়কের উদ্বোধন শেষে আজ শেওলা সড়কের উদ্বোধন করবেন।এ নিয়ে দুই উপজেলাবাসির মধ্যে চলছে আনন্দের বন্যা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সাথে জেলা সদরের যোগাযোগের এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করেছিলেন স্থানীয় সচেতন নাগরিক ও জকিগঞ্জবাসী। অবশেষে জনসাধারণের এই দাবির প্রেক্ষিতে সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছেন যাত্রী ও চালকরা।
আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে।
উদ্বোধনের পর দ্রুত ও মানসম্মতভাবে সড়কটির সংস্কার কাজ শেষ হবে এবং এটি পুনরায় চলাচলের উপযোগী হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা জকিগঞ্জ ও বিয়ানীবাজারের লাখো মানুষের।
Leave a Reply