দীর্ঘ প্রায় দেড় যুগের চরম ভোগান্তি ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সিলেটের কানাইঘাটের অত্যন্ত গুরুত্বপূর্ণ গাজী বুরহান উদ্দিন রোড প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে এলজিইডির অর্থায়নে এই জনগুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের সীমার বাজার এলাকায় এক আয়োজনের মাধ্যমে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদ আবুল হাসান।
দীর্ঘ দেড় যুগ ধরে সড়কটি বেহাল ও চলাচলের অনুপযোগী থাকায় স্থানীয় লাখো মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। বহুদিনের এই বঞ্চনা ও কষ্টের পর সড়কটির সংস্কার ও প্রশস্তকরণ কাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের এলাকার লোকজন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, এই সড়কটি বাস্তবায়িত হলে কানাইঘাট উপজেলার যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ চিরতরে দূর হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে এবং যথাযথ মান বজায় রেখে এই সড়কটির প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে, যা এই অঞ্চলের অর্থনীতি ও যাতায়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Leave a Reply