সিলেটের গুরুত্বপূর্ণ জকিগঞ্জেরর -শেওলা সড়কের নির্মাণকাজে সর্বোচ্চ মান বজায় রাখতে নিয়মিত তদারকি ও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এলাকায় চুরি-ডাকাতির মতো অপরাধ রোধে উপজেলার প্রতিটি ইউনিয়নে বিশেষ প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ।
সভায় জকিগঞ্জ-শেওলা সড়কের নির্মাণকাজের বর্তমান অগ্রগতি ও গুণগত মান নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। কাজের মান শতভাগ ঠিক রাখতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) নিয়মিত মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়। নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম নজরে এলে ঠিকাদার বা সংশ্নিষ্টদের সঙ্গে কোনো রকম বিরোধে না জড়িয়ে বিষয়টি দ্রুত এলজিইডি অফিস অথবা ইউএনওকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার একপর্যায়ে জানানো হয়, এলাকায় চুরি ও ডাকাতি প্রতিরোধে পুলিশের নিয়মিত টহল ও তৎপরতা বাড়ানো হয়েছে। জননিরাপত্তা আরও সুদৃঢ় করতে প্রতিটি ইউনিয়নে অপরাধ প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি নিয়েও সভায় আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আজমির শরিফুল ইসলাম, জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়, বিজিবি প্রতিনিধি সুবেদার মো. মাসুদ সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভুষণ দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সভায় বক্তারা বলেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং সড়কের নির্মাণকাজে স্বচ্ছতা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতার কোনো বিকল্প নেই।
Leave a Reply